বনানীর অগ্নিকাণ্ডের ঘটনার একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন হাওলাদারের বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সোহরাব হোসেন হাওলাদার।
তিনি বলেন, ‘দুপুরে আমরা পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যাই। হঠাৎ শুনতে পাই আমার বাড়িতে আগুন লেগেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আমার বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।’
কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি। তবে সোহরাব হোসেন হাওলাদারের ছেলে কাইউম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘উপজেলা নির্বাচনী বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখের ভাতিজা মিটুল শেখ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।’
এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘সোহরাব হোসেন হাওলাদার চিংড়ি প্রতীকের নির্বাচন করেছেন। আমি দোয়াত কলম প্রতীকের নির্বাচন করেছি। দোয়াত কলম জয়লাভ করেছে। এ নিয়ে সোহরাব হোসেন হাওলাদারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমার যে ভাতিজার কথা বলা হচ্ছে সে আজ (শুক্রবার) এলাকায় নেই। শুধু হয়রানিমূলকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে আমার ভাতিজাকে জড়ানো হচ্ছে।’
আরও পড়ুনঃ স্কুল ভাঙাচুরা, প্রধান শিক্ষিকার বাড়িতে পাঠদান
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, ‘সোহরাব হোসেন হাওলাদারের বাড়ির রাস্তাটি সরু থাকার কারণে আমাদের যেতে একটু বিলম্ব হয়। যার ফলে আমরা আগুন নেভানোর চেষ্টা শুরু করতে করতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তা আপাতত বলতে পারছি না ‘
ইত্তেফাক/নূহু
