নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:১৭

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন গোলাম সিকদার (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম সিকদার তারাশি গ্রামের মাজেদ সিকদারের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নড়াইলের তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোল্যা ও বরকত বিশ্বাসের পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিল। এর জের ধরে  বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বরকত বিশ্বাসের পক্ষের গোলাম সিকদারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসময়  গোলাম সিকদারের পুত্র অসিম সিকদার, জালাল সরদার ও তবিবরকে কুপিয়ে জখম করে।  

নড়াইল জেলা পরিষদ সদস্য বরকত বিশ্বাস অভিযোগে জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে তার পক্ষের লোকজন নৌকা প্রতীকের পক্ষে কাজ করে। নির্বাচনের পর শুক্রবার পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের সমর্থকেরা শুক্রবার গোলামসহ চারজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত গোলাম সিকদার নিহত হয়েছেন। 

আরো পড়ুন: রাস্তায় কুড়িয়ে পাওয়া রাজকুমারী

নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নির্বাচনী সহিংসতায় নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/অনি