নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে সংবিধানের বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন তৈরির নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) পুনঃগঠন নিয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বঙ্গভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে ইসি পুনঃগঠনে নানা প্রস্তাব তুলে ধরা হয়েছে।
সংলাপ চলাকালীন সময়ে ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। তিনি বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা থাকলেও এখন পর্যন্ত আইন প্রণয়ন করা হয়নি। ইসি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না। এ কারণে রিট করা হয়েছে।
প্রসঙ্গত সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে নিয়ে একটি নির্বাচন কমিশন থাকবে এবং এ বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন। (৪) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন।
ইত্তেফাক/এএম।
