গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস। গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে থানার মাঠে ৩ হাজার ২শর বেশি শিক্ষার্থী নিয়ে এই ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। সুষ্ঠুভাবে ক্লাস নেওয়ার জন্য সেখানে ২১টি এলইডি মনিটর সিস্টেম ব্যবহার করা হয়।
এর আগে এ ধরনের বড় বিজ্ঞান ক্লাস হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানে অংশ নিয়েছিল দুই হাজার ৯০০ শিক্ষার্থী। ফলে গিনেস রেকর্ডে স্থান পেতে পারে বাংলাদেশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ৩০ জন শিক্ষক এই ক্লাস পরিচালনা করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ শিক্ষক তাদের সহায়তা করেন।
এ বিষয়ে অধ্যাপক জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, এটি হবে বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। যার মাধ্যমে সৃষ্টি হবে নতুন এক রেকর্ড। তা ছাড়া শিশুদের মাঝে যে বিজ্ঞানভীতি আছে তা দূর হতেও সাহায্য করবে এ বিজ্ঞান ও আইসিটি ক্লাস। ২০১৬ সালের আগস্ট মাসে ২ হাজার ৯০০ শিক্ষার্থীকে এক সঙ্গে বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস করিয়ে অস্ট্রেলিয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠায়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উর্মি বিনতে সালামের প্রচেষ্টায় স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মুছা মিয়া (সিআইপি) ও পৌর মেয়র ও উপজেলা আ. লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা (জিসান)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইত্তেফাক/এএন
