আইসক্রিম চোর জিরাফ!

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১১:০৩
 
সবাই মিলে ছুটির দিনে সাফারি পার্কে বেড়াতে গিয়েছিল জার্মানির একটি পরিবার। সাফারি পার্কে স্বাধীনভাবে ঘুরে ঘুরে পশুপাখি দেখতে কার না ভালো লাগে!
 
তবে মাঝে মাঝে সাফারি পার্কের বাসিন্দাদের মিষ্টি-মধুর যন্ত্রণাও সইতে হয় পর্যটকদের। এই যেমন সেদিন প্রাইভেটকারে করে সাফারি পার্কে ঘুরে দেখার সময় হঠাত্ই হানা দেয় একটি জিরাফ। জানালা দিয়ে মাথা গলিয়ে ভেতরে ঢুঁকে পড়ে একটি বিশালাকার জিরাফ। জানালা দিয়ে ভেতরে মাথা গলিয়েই ক্ষান্ত হয়নি জিরাফটি। গাড়ির ভেতরে বসে আইসক্রিম খাওয়ার সময় একজনের হাত থেকে রীতিমতো এটি চুরি করে নিয়ে যায় জিরাফটি। সাফারি পার্ক কর্তৃপক্ষ এই দৃশ্যের সঙ্গে বেশ পরিচিত হলেও নতুন আসা পর্যটকদের কাছে এটি আলাদা রকমের একটি অভিজ্ঞতা।
 
টরসেন স্ট্রোবেল নামের ঐ পর্যটক ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে জানিয়েছেন, তার স্ত্রী ম্যালানি আইসক্রিম খাওয়ার সময় জিরাফটি হানা দেয়। ম্যালানি নিজের আইসক্রিম বাঁচাতে অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। জিরাফের কাছে আইসক্রিম হারাতে হলেও এই ঘটনায় পুরো পরিবারের সবাই বেশ আনন্দিত বলে জানান তিনি। ইউপিআই।
 
 
ইত্তেফাক/আরএ