সেভিয়ার মাঠে দুবার পিছিয়ে পড়েও শেষপর্যন্ত জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার ফিরতি লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। তবে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে শেষ আটে উঠে গেছে রিয়াল।
প্রথম পর্বে ৩-০ গোলে জিতেছিল রোনালদো-বেনজেমারা।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ভলফসবুর্গের কাছে সবশেষ হারা রিয়াল এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকলো।
গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ জিতে আগের রেকর্ডটি গড়েছিল বার্সেলোনা। গত শনিবার লিগে গ্রানাদাকে হারিয়ে তাদের স্পর্শ করে রিয়াল।
বৃহস্পতিবার রাতে সেভিয়ার শুরুটা ভালোই হয়েছিল। দশম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় তারা। বাঁ-দিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়ার ক্রস হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।
দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো আসেনসিওর একক নৈপুণ্যে সমতায় ফেরে রিয়াল। ৪৮তম মিনিটে বাঁ-পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
পাঁচ মিনিট পর আবারো এগিয়ে যায় সেভিয়া। দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন মন্টেনেগ্রোর ফরোয়ার্ড স্তেভান ইয়োভেতিচ।
এরপর রিয়ালের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা; গোলরক্ষক কিকো কাসিয়া বল ঠিকমতো ধরতে ব্যর্থ হলে ফিরতি বল গোলমুখে পেয়ে সহজেই জালে পাঠান স্পেনের মিডফল্ডার ইবোরা।
৮৩তম মিনিটে ব্রাজিলের কাসেমিরো সেভিয়ার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে ব্যবধান কমান রামোস। আর যোগ করা সময়ে বদলি হিসেবে নামা বেনজেমার গোলে হার এড়ায় ইউরোপ চ্যাম্পিয়নরা।
ইত্তেফাক/এমএইচ
