চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন এক শিক্ষার্থী। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র বাড়িতে পৌঁছাতেই চোখ কপালে। ওই প্রবেশপত্রে ছাত্রীর ছবির জায়গায় লাগানো রয়েছে এক অভিনেত্রীর নগ্ন ছবি!
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। বিহার স্টাফ সিলেকশনের শূন্যপদের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন ওই ছাত্রী। প্রবেশপত্র বিভ্রাটে স্টাফ সিলেকশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিহারের নালন্দার বাসিন্দা ওই শিক্ষার্থী জানিয়েছেন, বিহার স্টাফ সিলেকশনের ০৬০৬০১১৪/২০১৪ নং-এর বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। ওই পরীক্ষার জন্য প্রায় ১৮ লাখেরও বেশি চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি এবং ৫, ১৯ ও ২৬ তারিখ পরীক্ষার দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে লিখিত পরীক্ষায় বসার জন্য কমিশনের পক্ষ থেকে সকলকে প্রবেশপত্রও পাঠানো হয়। প্রবেশপত্র পেয়ে চমকে যান ওই শিক্ষার্থী।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পিউটারের ক্রটির জন্য এই বিভ্রাট। বিখ্যাত এক অভিনেত্রীর নামে ওই ছাত্রীর নাম। যদিও দু’জনের পদবি আলাদা। তবুও কোনো ক্রুটির কারণে ছাত্রীর ছবির জায়গায় অভিনেত্রীর খোলামেলা একটি ছবি ছাপা হয়ে যায়।
স্টাফ সিলেকশনের পাঠানো প্রবেশপত্রের ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে ছাত্রীর নাম ঠিকানার মতো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের পাশে জ্বলজ্বল করছে এক মহিলার নগ্ন ছবি। ফলে কমিশনের ভুলে ওই মেয়েটি এখন সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের শিকার।
এর আগে ভারতের বিভিন্ন সরকারি পরীক্ষার প্রবেশপত্রে এবং আধার কার্ডে গরু বা কুকুরের ছবি ছাপার ঘটনা সামনে এসেছে। কিন্তু প্রবেশপত্রে নগ্ন ছবি ছাপার ঘটনা এই প্রথম।
ইত্তেফাক/এএম
