৯২ বছরের মাকে শুকরের খাঁচায় রাখলো ছেলে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪২
চীনে ৯২ বছরের এক বৃদ্ধাকে শুকরের খোঁয়াড়ে বন্দি করে রাখার মর্মান্তিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সারা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। বৃদ্ধার এই করুণ ছবি অনেককে ক্ষুব্ধ করেছে।
 
চীনের গুয়াংজি প্রদেশে ওই বৃদ্ধাকে তার নিজের ছেলে এবং ছেলে-বউ এভাবে বন্দি করে রাখে। বছরের পর বছর ধরে তাকে এভাবে বন্দি থাকতে হয় বলে জানা গেছে। সাউদার্ন মর্নিং পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, ইয়াং নামে ওই নারীকে ১০ বর্গমিটার সেলের ভেতর কাঠের বেঞ্চিতে ঘুমাতে দেয়া হয়েছে। তবে তিনি নিজের ইচ্ছাতেই সেখানে ছিলেন কিনা তাও খতিয়ে দেখবে স্থানীয় কর্তৃপক্ষ।
 
সাম্প্রতিক মাসগুলোতে দেশটির একটি অংশের মধ্যে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলার বিষয়টি নিয়ে অনলাইন মাধ্যমগুলোতে বেশ সমালোচনা স্থান পাচ্ছে। ইয়াং নামের ওই বৃদ্ধের ঘটনাটিও হয়তো অজানাই থেকে যেত যদি না প্রিটি নান গুলান নামে স্থানীয় একজন নারী একটি ভিডিও পোস্ট করতেন। মিয়াওপাই নামে জনপ্রিয় ভিডিও সার্ভিসে খাঁচার ভেতর বসে থাকা ৯২ বছরোর্ধ বৃদ্ধার ভিডিও প্রকাশ করেন তিনি।
 
গত ৬ জানুয়ারি সেটি আপলোডের পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত আঠারো লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। দশ হাজারের বেশি অনলাইন ব্যবহারকারী হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করেছেন যেখানে বৃদ্ধের ছেলে এবং ছেলে-বউকে 'পশু' বলে অভিহিত করা হয়।
 
এরপর বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার সময় তার হাড্ডিসার শরীরের ছবি মর্নিং পোস্ট পত্রিকায় ছাপা হলে তা আরও বিক্ষুব্ধ করে তোলে অনেককে। তবে চীনের সমাজে এই ধরনের ঘটনা একেবারে নতুন নয়। সেখানে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি প্রায়ই সন্তানদের এমন অবহেলার ঘটনার খবর পাওয়া যায়। ২০১৪ সালে হেনান প্রদেশে ৯০ বছর-বয়সী এক বৃদ্ধ এমন অবস্থার শিকার হয়েই প্রাণ হারিয়েছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস