ড্র'তে রেকর্ড গড়ে কোয়ার্টারফাইনালে রিয়াল মাদ্রিদ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২২:২৭
কোপা ডেল'রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ড্র'র পরও দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে কোয়ার্টারফাইনালে উঠলো রিয়াল। কারণ লেগে ৩-০ গোলে জিতেছিলো গ্যালাকটিকোরা। সেই সাথে স্প্যানিশ ফুটবলে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়লো রিয়াল মাদ্রিদ।
 
গেল সপ্তাহে নিজেদের মাঠে কোপা ডেল'রের প্রথম লেগে ৩-০ গোলে শেষ আটে এক পা দিয়েই রেখেছিলো রিয়াল মাদ্রিদ। তাই দ্বিতীয় লেগে ড্র বা ছোট ব্যবধানে হারলেও সমস্যা থাকতো না তাদের। কিন্তু নিজেদের মাঠে ঝলসে উঠে সেভিয়া।
 
ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় সেভিয়া। আর এই নিয়ন্ত্রণটি নিতে সবচেয়ে বেশি সহায়তা করে রিয়াল নিজেই। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানিলোর আত্মঘাতী গোলে ১-০ গোলে লিড নেয় সেভিয়া। এই লিড প্রথমার্ধে ধরে রাখে স্বাগতিকরা। তাই মনমরা হয়েই ম্যাচের প্রথমার্ধ শেষ করতে হয় রিয়ালকে।
 
কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের মুখে হাসি ফুটান স্পেনের ২০ বছর বয়সী মিডফিল্ডার মার্কো আসেনসিয়ো। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিয়াল। কিন্তু রিয়ালকে আবারো পিছিয়ে দেয় সেভিয়া। ৫৩ মিনিটে মন্ট্রেনিগ্রোর স্ট্রাইকার স্টিভেন জোভেটিচের গোলে ম্যাচে আবারো লিড নেয় সেভিয়া। ২-১ গোলের লিড।
 
এই লিডের পর আরও গোলের জন্য মরিয়া হয়ে উঠে সেভিয়া। ৭৭ মিনিটে সেভিয়ার আশা পূরণ করেন স্পেনের স্ট্রাইকার ভিসেন্ত ইবোরা। এতে ৩-১ গোলে এগিয়ে যায় সেভিয়া। তবে শেষ আটের টিকিট পেতে হলে ম্যাচের বাকী সময়ে আরও দু’গোলে প্রয়োজন পড়ে সেভিয়ার।
 
কিন্তু ম্যাচের বাকী সময়ে উল্টো দু'গোল খেয়ে বসে সেভিয়া। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে স্পেনের ডিফেন্ডার সার্জিয়ো রামোস ও ইনজুরি সময়ে (৯৩ মিনিটে) ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজামার গোলে ৩-৩ গোলে ম্যাচ ড্র করে রিয়াল। এই ড্র’য়ে শেষ আটের টিকিটের পাশাপাশি, টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ে তারা।
 
রিয়ালের আগে এমন রেকর্ডের মালিক ছিলো বার্সেলোনা। গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিলো বার্সা। এবার সেই রেকর্ডের মালিক হলো জিনেদিন জিদানের শিষ্যরা। দলের এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই বেশ খুশী জিদান, 'এমন রেকর্ডের জন্য খেলোয়াড়ই দায়ী। তাদের দুর্দান্ত পারফরমেন্স রিয়ালকে বড় সাফল্য এনে দিয়েছে। মৌসুমে বাকী ম্যাচগুলোতেও আরও দুর্দান্ত পারফরমেন্স করবে খেলোয়াড়রা, এমনটাই প্রত্যাশা।'
 
ইত্তেফাক/এসএস