ওয়েডের সেঞ্চুরিতে শুভ সূচনা অস্ট্রেলিয়ার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২২:৪০
উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে, এক প্রান্ত আগলে ইনিংসের শেষ বলে সেঞ্চুরির স্বাদ নেন ওয়েডে। তার অপরাজিত ১০০ রানের উপর ভর করে ৯ উইকেটে ২৬৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৭৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। 
 
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে পাকিস্তান বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৭৮ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৭, অধিনায়ক স্টিভেন স্মিথ শূন্য, অভিষেক হওয়া ক্রিস লিন ১৬, ট্রাভিস হেড ৩৯ ও মিচেল মার্শ ৪ রানে ফিরেন। এরপর ষষ্ঠ উইকেটে ৮৮ বলে ৮২ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়েডে। দলীয় ১৬০ রানে নামের পাশে ৬০ রান রেখে ফিরেন ম্যাক্সওয়েল। তার ৫৬ বলের ইনিংসে ৭টি চার ছিলো।
 
ম্যাক্সওয়েল ফিরে যাওয়ায়, অস্ট্রেলিয়ার রান তোলার গতিও কমে যায়। কিন্তু শেষ চার ব্যাটসম্যানকের দক্ষতার সাথে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সংগ্রহ এনে দেন ওয়েডে।  দলীয় ২৩৫ রানে নবম উইকেট পতনের পরও, এক প্রান্ত আগলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৮ রানে নিয়ে যান ওয়েডে। ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদও পান ওয়েডে। ৮৩তম ম্যাচে এসে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত তিন অংকে পা দেয়া ইনিংসে ১০০ বল মোকাবেলা করে ৭টি চার ও ২টি ছক্কাও মারেন ওয়েডে। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।
 
জবাবে পাকিস্তানের স্বীকৃত ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ছোট ছোট ইনিংস খেলে যাওয়ার আসার মাঝেই ছিলেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে বাবর আজমের। এছাড়া ওয়াসিম ২৯, অধিনায়ক আজহার আলী ২৪, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ২১ রান করেন। অস্ট্রেলিয়ার জেমস ফকনার ৪টি ও প্যাট কামিন্স ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ওয়েডে। মেলবোর্নে আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
 
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৬৮/৯, ৫০ ওভার (ওয়েডে ১০০*, ম্যাক্সওয়েল ৬০, হাসান ৩/৬৫)।
পাকিস্তান: ১৭৬/১০, ৪২.৪ ওভার (বাবর ৩৩, ওয়াসিম ২৯, ফকনার ৪/৩২)। 
ফল: অস্ট্রেলিয়া ৯২ রানে জয়ী। 
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 
ম্যান অব দ্য ম্যাচ : ম্যাথু ওয়েডে (অস্ট্রেলিয়া)।
 
ইত্তেফাক/এসএস