তানিয়া আপু না থাকলে এই কাজ সম্ভব ছিল না

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০৯:২৯
 
দেশের গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্রে তার এই আইটেম গানটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনেক আগেই। অবশেষে গতকাল ইউটিউবে মুক্তি পেল গানটি। জনপ্রিয় গীতিকার জাহিদ আকবরের কথায় ও হাবিবের সুরে ‘ভালোবাসা এমনই হয়’ ছবির এই আইটেম গানটি প্রকাশ করা হয়েছে। ‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। আর এই আইটেম গানে পারফর্ম করেছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মীম।  গত বৃহস্পতিবার গানটি প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে ৬১ হাজার ২০০শ’র বেশি।
 
‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। ছবিতে মীম ছাড়া আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, মীর সাব্বির, তারিক আনাম খান প্রমুখ। গানটি প্রসঙ্গে গীতিকার জাহিদ আকবর বলেন, ‘এই গানটি অনেক আগের একটি লেখা। যেহেতু ছবিটি রিলিজে বিলম্ব হচ্ছিল, তাই আমার নানা কাজে আমি নিজেই ভুলে গিয়েছিলাম গানটির কথা। কিন্তু হঠাৎ ছবির নির্মাতা তানিয়া আপা আমাকে ইনবক্স করায় খুবই অবাক আনন্দে ভুগলাম।’
 
চিত্রনায়িকা মীম বলেন, ‘আইটেম গান করাটা খুবই রিস্কি। কারণ এ ধরনের কাজে দর্শক মোটিভ থাকে অন্যরকম। নরমাল এক্সপ্রেশন এসব গানে চলে না। তানিয়া আপু না থাকলে এই কাজ আমার দ্বারা সম্ভব ছিল না।’