ইংলিশ রোড পার্ক দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০৯:৫৪
 
রাজধানীবাসীর জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে রয়েছে ৪৭টি পার্ক। এর বাইরে রয়েছে আরো কিছু পার্ক। সিটি করপোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী নগরীর ৯৩টি ওয়ার্ডের প্রতিটিতেই অন্তত একটি পার্ক থাকার কথা। নগর পরিকল্পনাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্বাস্থ্য নিশ্চিত ও অসংক্রামক ব্যাধি প্রতিরোধে শহরে প্রতি ১০ হাজার নগরবাসীর জন্য একটি পার্ক, খেলার মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণ থাকা প্রয়োজন। এ পার্ক বা মাঠগুলোই নগরীর ফুসফুস। কিন্তু মহানগরী ঢাকার পার্কগুলো সংখ্যায় এমনিতে অপ্রতুল হওয়ার পরও যা আছে তাও একে একে বেদখল হয়ে যাচ্ছে। আবার কয়েকটি পার্কের আকার দখল-দুর্বৃত্তায়নে ছোট হয়ে গেছে।
 
পুরান ঢাকার ইংলিশ রোড পার্ক। এক সময় যে প্রাঙ্গণের চারপাশে ছিল সারি সারি গাছ, এখন সেখানে সারি সারি ট্রাক। যে পার্কে শিশুরা খেলা ও বয়স্করা ব্যায়াম করতেন, তার মাটি এখন বর্ষায় কর্দমাক্ত ও গ্রীষ্মে ধুলোয় ধূসরিত।
 
ঢাকার অনেক পার্কই রিকশা গ্যারেজের দখলে। তবে ইংলিশ রোড পার্ক দখলে দুর্বৃত্তরা বেছে নিয়েছে রাজপথের বড় বাহন ট্রাককেই। যে পার্ক এক সময় পাখির কলরবে মুখরিত ছিল, প্রাতঃভ্রমণকারী কিংবা বৈকালিক ভ্রমণকারীদের পদচারণায় প্রাণচঞ্চল ছিল, সেই পার্কের পরিবেশ এখন ট্রাকের বিকট আওয়াজে-ভারী চাকার ভারে প্রকম্পিত। প্রাঙ্গণের সবুজাভ পরিবেশ এখন আর নেই। কেউ বলে না দিলে বুঝার উপায় নেই, এখানে একটি পার্ক ছিল।
 
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, পার্কের ৬ ভাগের ৫ ভাগই অবৈধ দখলকারীদের কবলে। একাংশে নগরে নিসর্গ স্থাপন করা হয়েছে। পার্কের সব সবুজ গাছ-পালা কেটে ফেলা হয়েছে। যত্রতত্র ময়লার স্তূপ। একাধিক দোকান বসানো হয়েছে পার্কের ভিতর। শিশুদের জন্য যে সব রাইডার ছিল তা চুরি হয়ে গেছে বহু আগেই। স্থানীয় একটি প্রভাবশালী মহল পার্ক দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। এই লক্ষ্যে পার্কের ভিতর গভীর করে মাটি খনন করা হয়েছে। কয়েক টন রড, সিমেন্ট, বালুও মজুদ করা হয়েছে।
 
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন ইত্তেফাককে বলেন, ইংলিশ রোর্ড পার্কটিকে আধুনিকায়নের পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে। পার্কের ভিতর দোকান নির্মাণ করার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
 
জানা যায়, ১৯৮০’র দশকে ৩৩ শতাংশ জমির উপর নয়াবাজার বাসস্টান্ডের অদূরে প্রতিষ্ঠিত হয় ইংলিশ রোড পার্ক। এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অখণ্ড জমিতে তৈরি পার্কটি স্থানীয়দের বিনোদন ও শরীর চর্চার একটি বড় কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। পার্কের ভিতরে দোলনা, স্লাইড কিংবা ঢেঁকিকলে খেলায় মেতে উঠত শিশু-কিশোররা।
 
স্থানীয়রা জানান, ২০০২-২০০৩ সাল পর্যন্ত পার্কটিতে বেড়াতে যাওয়া যেত। এর পরই পরিবেশ খারাপ হতে শুরু করে। দখলদারদের দখলে চলে যায় পার্কটি। ২০০৪ সালে পার্কটির একটি অংশ কেটে ইংলিশ রোডে সংযোগ রাস্তা তৈরি করা হয়। এ সময়ই ট্রাক মালিক-চালকদের দখলে চলে যায় এই পার্ক। পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, দখল ঠেকাতে কয়েক বছর পার্কটিতে বর্জ্য ফেলত সিটি করপোরেশন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিন বছর আগে ময়লা ফেলানো বন্ধ হয়েছে। কিন্তু পার্কটি ট্রাকের দখলেই চলে গেছে।
 
এ প্রসঙ্গে একাধিক ট্রাক চালক ও মালিক বলেন, সদরঘাটসহ পুরান ঢাকায় ব্যবসার কাজে অনেক ট্রাকের প্রয়োজন হয়। কিন্তু স্থায়ীভাবে ট্রাকের কোনো স্ট্যান্ড না থাকায় নেতাদের অনুমতি নিয়েই তারা পার্কটিতে অস্থায়ী স্ট্যান্ড করেছেন। এ জন্য তাদের সরকার দলীয় কয়েকজন নেতাকে বড় অঙ্কের চাঁদা দিতে হয়। উত্তোলিত চাঁদার একটা অংশ পান স্থানীয় থানা ও ট্রাফিক বিভাগ। তবে এলাকাবাসী এই পার্কটিকে উদ্ধার করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কাছে।