হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৩:১৬
 
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার আরেক পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তার নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (৩০)। 
 
শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান। 
 
উল্লেখ্য, হলি আর্টিজানে হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ও অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজানসহ ৩৩জন পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন। 
 
জঙ্গি হামলার সঙ্গে জড়িত বাশারুজ্জামান ওরফে চকলেট, রিপন, খালিদ, জুনায়েত, মুসা ও রাজীব গান্ধী ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। এর মধ্যে রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তর অঞ্চলের শাখা নিয়ন্ত্রণ করতেন। 
 
পুলিশ দাবি করেছে, রাজীব গান্ধী টাঙ্গাইলে আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজান হামলার কথা স্বীকার করেছেন। 
 
 
ইত্তেফাক/কেকে