সাতক্ষীরা শহরে জুয়েলার্সে চুরি, আটক ১

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৩:০৩
সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল কমপক্ষে ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় গোপি কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করেছে।
 
শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের তুফান কোম্পানির মোড়ের ওই জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
 
সরজমিনে দেখা গেছে, শুক্রবার গভীর রাতে ওই জুয়েলার্সের পিছনের দেয়াল কেটে একদল চোর ভেতরে ঢুকে যাবতীয় আসবাবপত্র তছনছ করে এবং সেখানে সংরক্ষিত নগদ টাকাসহ ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে দোকানে এসে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক সুভাষ আমিন। সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগল প্রায়।
 
দোকান মালিক সুভাষ আমিনের ভাই সমরেশ আমিন জানান, এখনো ক্ষয়ক্ষতি বা চুরির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে কমপক্ষে ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি গেছে।
 
তিনি আরো জানান, এ ঘটনায় তার ভাই এখন পাগল প্রায়। তিনি স্বাভাবিক হলেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘পুলিশ সুপার আলতাফ হোসেন মোল্যাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ