বার্সোলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পারফর্মেন্স নিয়ে মন্তব্য করায় ছাঁটাই হলেন ক্লাবটির স্পোর্টস ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান গ্রাটাকসকে।
কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই ক্লাবের এই ডিরেক্টরকে ছেঁটে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। সম্প্রতি বার্সার তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করা পেরে গ্রাটাকস বলেন, ‘মেসি বার্সেলোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু সতীর্থদের ছাড়া মেসি ততটা ভালো পারফর্মার নন।’
এমন মন্তব্যের পরই তাকে চাকরি হারাতে হলো। শুক্রবার কোপা দেল রে’র শেষ আটের ড্র অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে ন্যু ক্যাম্পে অনুশীলন এবং শিক্ষামূলক ক্যাম্পের ডিরেক্টর ও লা মাসিয়া একাডেমির গুরুত্বপূর্ণ পদে থাকা গ্রাটাকস বলেন, ‘বার্সেলোনা এ পর্যন্ত এসেছে তা শুধু মেসির জন্য নয়। নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্যান্য সতীর্থদের ছাড়া ততটা ভালো খেলোয়াড় নন মেসি।’
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বার্সার কোচ লুইস এনরিক জানান, ‘আমি এসব বিষয় খেলার মধ্যে আনতে চাই না। আমি তার কথা শুনেছি। সকলেই মেসিকে নিয়ে গল্প তৈরি করতে চায়। তবে, আমি বলতে চাই মেসিই সেরা খেলোয়াড়।’
ইত্তেফাক/এমএইচ
