কম্বোডিয়ায় বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক শিশু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:০৯
কম্বোডিয়ায় বিষাক্ত খাবার খেয়ে ২২২ শিক্ষার্থী ও প্রাপ্ত বয়স্ক তিনজন অসুস্থ হয়ে পড়েছে। বাজার থেকে আনা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। 
 
শনিবার দেশের পশ্চিমাঞ্চলীয় পুরসাত প্রদেশের নম ক্রাভান জেলার পুলিশ প্রধান ভং সারেথ জানান, প্রাথমিক বিদ্যালয়ের এসব শিশু তাদের জন্য আনা খাবার খেয়ে শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। তাদের খাবারের মধ্যে ছিল ভাত, শুয়োরের মাংস ও শশা।
 
তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, এসব বিষাক্ত খাবার খাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাদের পেট ব্যথা, বমি বমি ভাব ও পাতলা পায়খানা শুরু হয়।
 
তিনি জানান, এ দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। এদিকে খাবারের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাদেশিক খাদ্য নিরাপত্তা ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।
 
ভং সারেথ জানান, শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাসস
 
ইত্তেফাক/এমএইচ