বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭। রবিবার সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু।
তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ১৭ জানুয়ারি। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নিবে। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অবশ্য প্রাইজমানি থাকছে না। তবে বিভিন্ন ক্যাটাগোরির স্বর্ণপদক জয়ী ১০০ জন খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। অন্যান্যদের মেডেল দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
তিনি বলেন, ‘বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের জাতীয় প্রতিযোগিতা একটি বড় আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলাসহ অন্যান্য দলের চার শতাধিক প্রতিযোগী অংশ নিবে। আমরা চাই তরুণ খেলোয়াড়দের শরীরগঠনের পাশাপাশি নৈতিক গঠনটাও হোক। তাদেরকে বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে অন্য যেকোনো খারাপ কাজ থেকে তাদের বিরত রাখা সম্ভব। আমরা ওয়ালটন পরিবার সে লক্ষ্যে প্রায় প্রত্যেকটা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছি। ক্রীড়াঙ্গনকে আরো সুন্দর ও সফলতম স্থানে উন্নীত করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি এই প্রতিযোগিতার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
আরো উপস্থিত ছিলেন, এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনিসহ কনফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনি বলেন, ‘এই প্রথম ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ধন্যবাদ জানাই। আশা করব সামনেও বিভিন্ন আয়োজনে তাদের পাশে পাব।’
ইত্তেফাক/এমএইচ
