একটুর জন্য জয়বঞ্চিত নারী ক্রিকেটাররা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৮
জয় যেন দেখতেই পাচ্ছিলেন জাহানারারা। দক্ষিণ আফ্রিকা নারী দলের দেওয়া ২২৪ রানের টার্গেটটা ছোটই মনে হচ্ছিলো এক সময়। শারমিন আক্তার সুপ্তা ও রুমানা আহমেদের ব্যাটে তখন সিরিজে সমতায় ফেরার আশায় নারী ক্রিকেট দল।
 
কিন্তু ৫০ ওভারে ৮ উইকেটে ২০৬ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস। ১৭ রানের জয় তুলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়া নারীরা।
 
রবিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে সফরকারী দলের ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতেই লিজেল লি এবং আন্দ্রে স্টেইন ১২১ রান তুলে নেন। লি’র ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭০ রান। ব্যাটে ঝড় তোলা এই প্রোটিয়া ওপেনার ৫৭ বলে ১৩টি বাউন্ডারিতে করেন ৭০ রান। আরেক ওপেনার স্টেইন ৯৮ বলে ৮টি চারের সাহায্যে করেন ৬৬ রান।
 
তৃতীয় সর্বোচ্চ ২৭ রান আসে দলপতি নিকার্কের ব্যাট থেকে। ১৬ রানে অপরাজিত থাকেন ফোউরি। ১৫ রান আসে মারিজানে ক্যাপের উইলো থেকে।
 
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন খাদিজাতুল কুবরা।
 
ব্যাটিং নেমে তৃতীয় উইকেটে শারমিনের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলীয় ১৭০ রানে রুমানা (৬৮) সাজঘরে ফিরতেই একটা ‘ঝড়’ বয়ে যায় স্বাগতিক শিবিরে। ১৭৭ রানে রান আউটের শিকার হন ক্যারিয়ার সেরা ইনিংস (৭৪) খেলা শারমিন আক্তার। অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন বিদায় নেন আর ২ রান যোগ হতেই। ৯ রানের ব্যবধানে দলের মূল তিন ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। 
আগামী ১৬ জানুয়ারি সিরিজের তৃতীয় ওয়ানডে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
 
ইত্তেফাক/এমএই্চ