জননিরাপত্তা বিঘ্নের অপচেষ্টা করলে গ্রেফতার: ডিএমপি কমিশনার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীতে  জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা যেই করুক তাকে গ্রেফতার করা হবে।
 
শনিবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান খেলার মাঠ ও মতিঝিল সেন্ট্রাল বয়েজ স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও মতিঝিল বিভাগের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে মোট ২৯০০ কম্বল বিতরণ করা হয়।
 
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যদি আপনাদের চারপাশে অপরাধীদের কেউ জড়িত থাকে তাহলে তাদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিরাপদ ও সুন্দর ঢাকা গড়তে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সন্ত্রাস, জঙ্গি, চোরাচালানি, মাদক ব্যবসায়ীসহ অপরাধীরা আমাদের শত্রু। পুলিশ আপনাদের বন্ধু। আমরা আপনাদের পাশে আছি, থাকবো।
 

ইত্তেফাক/এএম।