৮ বছরে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৪০ শতাংশ : পলক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ৮ বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। ইন্টারনেট পরিসেবার দাম কমে যাওয়ায় দিন দিন বাড়ছে ব্যবহারকারী সংখ্যা। 
 
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওয়াই-ফাই সেবার পরিধি বিস্তৃতকরণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোয় অপটিক্যাল ফাইবার সংযোগ শুরু হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠি পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা। এছাড়া আগামী ২০১৯ সালের মধ্যে দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তার দপ্তরে সংযোগ দেয়া হবে। এক্ষেত্রে ৩ লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহার ষষ্ঠ মৌলিক অধিকার ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ইন্টারনেট সেবার আওতায় নিতে কাজ করছে সরকার।
 
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেসরকারি প্রযুক্তি সেবাদানকারী আমার টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।
 
ইত্তেফাক/ইউবি