গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন স্মৃতি ক্রিকেটে অন্যরকম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ান

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন স্মৃতি টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলায় স্থানীয় অন্যরকম বয়েজ ক্লাব ১৫৯ রানে স্থানীয় স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। 
 
মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের পৃষ্ঠপোষকতায় উপজেলার শাখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সরকারের যুগ্মসচিব আহমেদ মনিরুস সালেহীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, পাচঁবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, টুর্নামেন্টের আয়োজক পাচঁবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন।
 
টসে জয়লাভ করে অন্যরকম বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে। জবাবে স্টার ক্লাব ১৩.৪ ওভারে ৯১ রান করে অল আউট হয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি