ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ অর্চনা। মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি তেলেগু একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে কুপ্রস্তাব দেয়ার বিষয়ে যেন হাটে হাড়ি ভাঙ্গলেন এ অভিনেত্রী।
তিনি জানিয়েছেন, দক্ষিণী সিনেমার একজন তারকা অভিনেতা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কৌশলে বিষয়টি মোকাবেলা করেছেন তিনি। যদিও সেই তারকা অভিনেতার নাম প্রকাশ করেননি অর্চনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কিছু না শোনার ভান করি এবং কথার মাধ্যমে ওই ভদ্রলোককে ফিরিয়ে দিই। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি কথার মাধ্যমে তাকে বিভ্রান্ত করি। আমার ভালোও লাগছিল কারণ এতো বড় একজন অভিনেতা আমাকে এরকম প্রস্তাব দিয়েছেন। অবশ্য, কুপ্রস্তাব না মানায় সিনেমা থেকে আমার গুরুত্বপূর্ণ দৃশ্য ছেটে ফেলা হয়েছিল।’
কয়েকটি সিনেমায় প্রধান চরিত্র বাদে বেশির ভাগ সিনেমাতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্চনা। তিনি জুনিয়র এনটিআর-এর ইয়ামাদোংগা, মহেশ বাবুর খালেজা, প্রভাসের পূর্ণামি, নাগার্জুনার শ্রী রামাদাসু এবং বালাকৃষ্ণার লায়ন সিনেমায় পার্শ্ব অথবা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
ইত্তেফাক/এমএআর
