সাইপ্রাস থেকে সব সেনা প্রত্যাহার করবে না তুরস্ক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২০:৩২
গ্রিস সেনা প্রত্যাহারে রাজি না হলে, তুরস্কও বিভক্ত সাইপ্রাস থেকে সব সৈন্য সরাবে না। সেনা প্রত্যাহারের বিষয়টি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘অসম্ভব’ বলে উড়িয়ে দিয়েছেন। 
 
চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় তুর্কি এবং সাইপ্রাস দ্বীপে বসবাসকারী গ্রিকদের মধ্যে আলোচনার পর বিভক্ত সাইপ্রাসের পুনরেকত্রীকরণ নিয়ে আশার সঞ্চার হয়েছে। কিন্তু পুনরেকত্রীকরণের পর উত্তর সাইপ্রাসে তুর্কি বাহিনীর থাকা- না থাকার বিষয়টিসহ এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে ওই দ্বীপ-দেশটির বাসিন্দারা বিভক্ত আছেন। দ্বীপটির উত্তরাঞ্চলে এখনো ৩০ হাজার তুর্কি সেনা অবস্থান করছে। অপরদিকে দ্বীপটির আরেক অংশে এক হাজারের মতো গ্রিক সেনা রয়েছে বলে ধারণা করা হয়।
 
গত শুক্রবার সাইপ্রাসের গ্রিক প্রেসিডেন্ট নিকোস অ্যানাসতাসিডেস সব তুর্কি সেনাকে সরিয়ে নেওয়ার আহবান জানান। অপরদিকে সাইপ্রাসের তুর্কি অংশের নেতা মোস্তফা আকিনসি বলেছেন, দুই পক্ষের সেনা প্রত্যাহারই একটি গ্রহণযোগ্য সমঝোতামূলক সমাধান। নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দিয়ে আগামী ১৮ জানুয়ারি সাইপ্রাসের পুনরেকত্রীকরণ নিয়ে অধিকতর আলোচনা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ