আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তার প্রতি ১৪ দলের পূর্ণ আস্থা রয়েছে। রাষ্ট্রপতির সাংবিধানিক যে কোনো সিদ্ধান্ত ১৪ দল মেনে নেবে। সব রাজনৈতিক দলকে রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সংলাপের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, আগামী নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির আলোচনার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন। আর নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করবে। তাই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের কোনো সম্ভাবনা নেই।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন যথাসময়েই হবে। এতদিন ধৈর্য ধরেছেন, আর দুটো বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন। রাষ্ট্রপতি যে ইসি গঠন করবেন সেই নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করুন। দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশের শাসনভার পরিচালনা করবে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, কেন্দ্রীয় ১৪ দল রাজনৈতিক কর্মসূচিসহ জাতীয় ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এখন সামাজিক দায়িত্ব পালন করতে চাই। এ লক্ষ্যে জোটগতভাবে ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুর জেলার বিভিন্নস্থানে গরিব শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এর আগে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের (একাংশ) নাজমুল হক প্রধান, জাসদের (একাংশ) শিরিন আখতার, তরিকত ফেডারেশনের এমএ আউয়াল, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত্ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
