ট্রাম্প ঔদ্ধত্যে আপত্তি নাদালেরও

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১০:১১
এতদিন পর্যন্ত তার উদ্ধত এবং আপত্তিকর মন্তব্য নিয়ে সমালোচনায় মুখর ছিলেন মেরিল স্ট্রিপ থেকে রবার্ট ডি নিরো’র মতো হলিউডের প্রখ্যাত ব্যক্তিত্বরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য নিয়ে এবার মুখ খুললেন রাফায়েল নাদালও।
 
তিনি জানিয়েছেন, ট্রাম্প যেভাবে কথা হলেন, সেটা তিনি পছন্দ করেন না। স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল আরও বলেছেন, 'প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ট্রাম্প যখন প্রচার করছিলেন, সেই সময় আমি আমেরিকা’তে ছিলাম। তিনি হয়তো এমনই উদ্ধতভাবে কথা বলতে ভালবাসেন, কিন্তু আমি সেটাকে কখনই অনুমোদন করি না। তার কথা বলার ওই ভঙ্গিটা পছন্দ হয়নি।'
 
নাদালের দাবি, 'আমি কথা বলার সময় সমস্ত সময় বিনীত থাকার চেষ্টা করি। তাই হয়তো ট্রাম্পের কথা বলার ধরন পছন্দ হয়নি।'
 
তবে শুধু ট্রাম্প বলেই নয়; নাদাল হতাশ তার দেশ স্পেনের রাজনৈতিক অস্থিরতা দেখেও। তিনি বলেছেন, 'স্পেনের নাগরিক হিসেবে আমিও দেশের উন্নয়নের সঙ্গে সাধারণ মানুষের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার দেশের রাজনীতিও ক্রমশ জটিল এবং হাস্যকর হয়ে পড়ছে।'
 
তার বিশ্লেষণ, 'রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাস্থ্যকর বলে মনে করি।'
 
রাজনৈতিক পর্যবেক্ষণের সঙ্গে সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলীয় ওপেন নিয়েও পরিকল্পনা তৈরি করে ফেলেছেন নাদাল। তিনি বলেছেন, 'কব্জির চোট নেই এই মুহূর্তে। আমার লক্ষ্য চোটমুক্ত থেকে প্রত্যেকটি ম্যাচ ধরে এগিয়ে যেতে।'
 
ইত্তেফাক/এএম