মসুল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ইরাকি সরকার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:০২
 
ইরাকের মসুলে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো যুদ্ধ আরো একটি সফলতা পেল দেশটির সরকার ও মিত্র বাহিনী। মসুল বিশ্ববিদ্যালয় থেকে আইএস জঙ্গিদের হটিয়ে পুনরায় নিজেদের দখল প্রতিষ্ঠা করল দেশটির সরকার। ২০১৬ সালের অক্টোবর থেকে আইএসের বিরুদ্ধে এই অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরাক সরকার ও তার মিত্র বাহিনী।
 
ইরাকের সরকার বাহিনীর কর্মকর্তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করে রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল আইএস। ইরাকের সন্ত্রাস বিরোধী এই অপারেশনের প্রধান জানান, আইএসকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা আমাদের জন্য বড় ধরণের সফলতা।
 
লেফটেনেন্ট জেনারেল তালিব সাগহাতি বলেন, এই মহৎ বিজ্ঞান ও সংস্কৃতির ভবনটি আমাদের নায়কেরা মুক্ত করেছে। মসুল বিশ্ববিদ্যালয় মুক্ত করা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, সামাজিক অবস্থান ও মানবিক গুরুত্বের কারণে এই অপারেশনটি সবচাইতে সফল কার্যক্রমের একটি।
 
এই অপারেশনে এলিট সৈন্য বাহিনী শুক্রবার বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে এবং আইএস সৈন্যদের প্রতিরোধ ভেঙ্গে বিশ্ববিদ্যালয় মুক্ত করে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ