‘রাজু ৪২০’ রুপে এবার জাহিদ হাসান

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:০৬
জনপ্রিয় অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান এবার ‘রাজু ৪২০’ রূপে হাজির হচ্ছেন টিভি পর্দায়। নিজের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’-এর নাম ভূমিকায় থাকছেন তিনি। যেটির প্রচার গতকাল থেকে শুরু হয়েছে এটিএন বাংলায়। 
 
এটি রচনা করেছেন জাকীর হোসেন উজ্জ্বল। ‘রাজু ৪২০’ ধারাবাহিকটি নিয়ে আশাবাদী জাহিদ হাসান। 
 
এ প্রসঙ্গে ইত্তেফাক অনলাইনকে তিনি বলেন, রাজু খুব সাধারণ একজন মানুষ। অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানোই তার কাজ। আবার সমাজের কিছু খারাপ লোক আছে, রাজু তাদের কাছে প্রতিবাদী একজন মানুষ। আমাদের সমাজের এমনই একজন মানুষের প্রতিচ্ছবি রাজু। সে একজন প্রতারকও বটে। তবে তার প্রতারণার একটা ধরণ বা বিশেষত্ব আছে। 
 
ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, আলী রাজ, শবনম পারভিন, লুৎফর রহমান জর্জ, আনিসুর রহমান, শামীম হোসেন ও মমিন বাবু  প্রমূখ। 
 
প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় দেখা যাবে। 
 
ইত্তেফাক/এমএআর