বোলারদের সফলতার দিন ব্যর্থ টপ অর্ডার ব্যাটিং লাইন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:২৩
 
চতুর্থদিন বাংলাদেশের বোলাররা দিনটি নিজেদের করে নিলেও ব্যর্থ হয়েছে টপ অর্ডারে থাকা ব্যাটসম্যানেরা। মাত্র ৬৬ রান তুলতে বাংলাদেশ হারিয়ে বসেছে তিনজন ব্যাটসম্যানকে। এ ছাড়াও রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে গেছেন ইমরুল কায়েস।
 
তৃতীয় দিনে বেশ দুর্দান্ত গতিতে চলা নিউজিল্যান্ডের রানের চাকা সচল ছিল চতুর্থদিনেও। বাংলাদেশের বাকি বোলাররা যেখানে ব্যর্থ সেখানেই বাড়তি দায়িত্ব নিয়ে বল করতে হয় সাকিবকে। তাই ল্যাথাম-নিকলসের পার্টনারশিপ ভাঙ্গার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
 
পরপর কয়েক ওভার চেষ্টা করে শেষ পর্যন্ত ১৪২ রানের এই পার্টনারশিপ ভাঙ্গতে সক্ষম হন সাকিব। শুভাশিস এর কিছু পরে কলিন ডে গ্রান্ডহোমিকে সাজঘরে ফেরালে বাংলাদেশের হয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন সাকিব। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে নামা টম ল্যাথামকে ঘূর্ণি জাদুতে বোকা বানিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ব্লাকক্যাপার্সদের দুর্দান্ত স্কোর কার্ডটি এ সময় দাড়ায় ৩৯৮/৬। ল্যাথাম আউট হন ১৭৭ রানে।
 
এর পরের অধ্যায়টা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিবের আঘাতের পর ওয়াটলিং ও সেটনার জুটি ৭৩ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। আর সেখানেই আঘাত হানেন মাহমুদুল্লাহ। ইনিংসের ১৩৩ ওভারে ওয়াটলিংকে ৪৯ রানে এবং টিম সাউদিকে ১ রানে সাজঘরে ফেরান রিয়াদ।
 
নবম উইকেট জুটিতে মিচেল সেটনার পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন নেইল ওয়েগনারের সঙ্গে। এরই মধ্যে অর্ধ শতক সম্পন্ন করেন মিচেল সেটনার। ৩১ রানের পার্টনারশিপ গড়ার পর রাব্বির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ওয়েগনার। শেষ উইকেট পার্টনারশিপে বোল্টকে সঙ্গে নিয়ে ৩৫ সেটনার। এখানে তার একার সংগ্রহ ২৩ রান। ৭৩ রানে শুভাশিস রায়ের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সেটনার। সেই সঙ্গে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
 
এরপর দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮.৩ ওভারে ৬৬ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। প্রথম ইনিংসে ঝড়গতিতে হাফসেঞ্চুরি পাওয়া তামিম ইকবালকে ব্যক্তিগত ২৫ রানে বোল্ড আউট করেন সেটনার। এর আগেই অবশ্য আহত হয়ে মাঠ ছাড়েন ইমরুল। এ সময় মাঠের একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। কিন্তু অপরপ্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহদি হাসান মিরাজের আসা-যাওয়ার মিছিলে দিন শেষে ভাগ্য দেবী নিউজিল্যান্ডের দিকে তাকিয়েই হাসছে। হাতে ৭ উইকেট ও ১২২ রানের লিড নিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
 
স্কোর:
বাংলাদেশ-৫৯৫/৮ (ডি.) ও ৬৬/৩ (লিড-১২২)
মুমিনুল-১০ (১৩)
ওয়েগনার-১/১৪
 
নিউজিল্যান্ড-৫৩৯, ১৪৮.২ ওভার
টম ল্যাথাম-১৭৭, সেটনার-৭৩
কামরুল ইসলাম রাব্বি- ৮৭/৩
 
ইত্তেফাক/আরএ