মাদক চোরাচালানীদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগ থাকলে ব্যবস্থার সুপারিশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩১
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সরকারের কোন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। 
 
আজ রবিবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন।
 
সমাজে মাদকের ভয়াবহতা বৃদ্ধি ও যুবসমাজ মাদকের কড়ালগ্রাসে নিমজ্জিত হওয়ায় কমিটি উদ্বেগ প্রকাশ করে এবং অবিলম্বে এ ভয়াবহ ব্যাধি থেকে সমাজকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবিসহ সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জোরালো পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
 
সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।
 
সভায় জানানো হয়, ৯ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেয়া স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে মোট ৯১ টি প্রতিশ্রুতির মধ্যে ৪০টি প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ১৩টি প্রতিশ্রুতি আংশিক বাস্তবায়িত এবং ২৮টি বাস্তবায়নাধীন রয়েছে ।
 
সভায় আরো জনানো হয়, ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেয়া স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে মোট ৪৮৫টি প্রতিশ্রুতির মধ্যে ৪১টি প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ৪১টি আংশিক বাস্তবায়িত, ৫৮টি প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন রয়েছে এবং ৩৪০টি প্রক্রিয়াধীন রয়েছে।
 
সভায় স্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়।
 
মতামতে বলা হয় ২০১৬-১৭ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট ৪১টি প্রকল্পের পরিবীক্ষণে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গড় অগ্রগতি শতকরা ২৪ ভাগ। যা জাতীয় গড় অগ্রগতির চেয়ে শতকরা ৫ ভাগ বেশি।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। -বাসস।