পর্দা নামছে দেড়শো বছর পুরোনো সার্কাসের

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩৬
বিগত ১৪৬ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বিনোদিত করে আসা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত রিংলিং ব্রাদার্স অ্যান্ড বার্নাম ও বেইলি পরিচালিত সার্কাস বন্ধ হচ্ছে। সার্কাসের মালিকরা জানিয়েছে, এটি চালানোর খরচ ও জনপ্রিয়তার ঘাটতির কারণে তারা এই সার্কাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
 
জনপ্রিয় এই সার্কাসের স্লোগানকে ঘিরে একটি অস্কারজয়ী সিনেমাও নির্মিত হয়েছিল। ১৯৫২ সালে সেসিল বি ডেমিলে পরিচালিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ সেরা সিনেমার পুরস্কারসহ দুটি অস্কার লাভ করে। ১৯৬০ সাল থেকে এই সার্কাসের মালিকানা ফিল্ড পরিবারের হাতে। ফিল্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কেনেথ ফিল্ড এক বিবৃতিতে জানিয়েছেন, অনেক কিছু মূল্যায়ন ও বিবেচনার পরে আমার পরিবার এবং আমি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মে মাসে রিংলিং ব্রাদার্স অ্যান্ড বার্নাম অ্যান্ড বেইলির শেষ শো আয়োজিত হবে। 
 
IMG0
 
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো এই সার্কাস বন্ধের ঘোষণার খবরকে স্বাগত জানিয়েছে। বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পেটা একটি বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত বন্যপ্রানীদের দিয়ে আয়োজিত ‘স্যাডেস্ট শো অন আর্থ’ বন্ধের শুরু হবে। গত মে মাসে আইনি লড়াই শেষে সার্কাসে হাতি ব্যবহার বন্ধ করতে বাধ্য হয়। এরপর থেকেই সার্কাসের জনপ্রিয়তায় ধস নামে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।
  
ইত্তেফাক/এসএসএ