বিকেএসপিতে যুক্ত হলো সিনথেটিক ফুটবল মাঠ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯
বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ। রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং  যুব ও ক্রীড়া উপমন্ত্রী মো. আরিফ খান জয়  বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল  সিনথেটিক ফুটবল মাঠের  উদ্বোধন করেন।
 
এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা।
 
সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার ফলে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুশীলনে আসবে আমূল পরিবর্তন,সৃষ্টি হবে নতুন উদ্দীপনা।
 
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এর সভাপতিত্বে বিকেএসপি’র বোর্ড সভায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় আগামী এপ্রিল মাসে বিকেএসপি’তে সকল পর্যায়ের ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশন সমুহের সমন্বয়ে একটি জাতীয় ক্রীড়া সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য ১৯৯৬ সালে প্রথমবারের মত বিকেএসপি’তে জাতীয় ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
 
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কলেজ শাখার সাধারণ শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান শাখার কার্যক্রম পরিদর্শনসহ বিকেএসপি’তে বিদ্যমান বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
 
এসময় তাদের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. কাজী আখতার উদ্দিন আহমেদ ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। আরও ছিলেন  যুব ও ক্রীড়া মন্ত্রণলেয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ, বঙ্গবন্ধু ক্রীড়া সেবি কল্যান ফাউন্ডেশন সহ বিকেএসপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।  
 
ইত্তেফাক/এমএইচ