কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার গভীর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়। এ সময় দুটি থ্রি-নট থ্রি রাইফেল, ৩টি এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে একটি মেসে অবস্থান করে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে প্রথমে দল নেতা সালাউদ্দিন কালুকে (২৮) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে অপর ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- নগরীর ধর্মপুর এলাকার মামুন (২৫), আব্দুর রহিম (২০), বিল্লাল হোসেন (২০), মো. নাহিদ (২২), সাব্বির আহাম্মদ (২৭) ও দৌলতপুর এলাকার ফজলে রাব্বি (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
