সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টির সভাপতিসহ আটক ৩

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০০:২৭

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান আদিবাসী পার্টির (বিএইচবিসিএপি) সভাপতি মিঠুন চৌধুরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অপর দু’জন হচ্ছে বিজয় দাস ও আসিশ ঘোষ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

 
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।
 
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ওই সংগঠনটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকালে প্রতিবাদ সভা ও কালো পতাকা মিছিল করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সংগঠনের শতাধিক নেতাকর্মী সকালে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এক পর্যায়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যাবে বলে ঘোষণা দেয়। কিন্তু ঘোষণা দিয়ে রওনা হওয়ার পরেই পুলিশ বাধা দেয়। তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ইত্তেফাক/এএন