স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে এর কোন বিকল্প নেই।
সোমবার দিনভর তার নির্বাচনী এলাকা কাজীপুরের তার পিতা শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণকালে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেছেন।
এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকীতে তার নির্বাচনী এলাকায শহীদ মনসুর আলী কল্যাণ ট্রাস্ট, মনসুর আলী স্মৃতি সংসদ, মনসুর আলী সরকারি কলেজ, উপজেলা আওযামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিন ভর নানা কর্মসূচি পালন করেছে। ইউনিয়ন পর্যায়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কোথাও এম মনসুর আলীর পুত্রবধূ লায়লা নাসিম, কোথাও তার দৌহিত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।
সিরাজগঞ্জ সদরের কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলীর জন্ম হলেও তার নির্বাচনী এলাকা কাজীপুর হওয়ায় জন্ম শতবার্ষিকীতে গোটা কাজীপুরের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন।
উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল কুমার ভৌমিক।
ইত্তেফাক/ইউবি
