আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছেন তাদের সাথে আওয়ামী লীগের কখনও সংলাপ হতে পারে না।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘তাই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কোন সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।’
সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ ও কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু।
ইত্তেফাক/এএম।
