যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) নিয়ে বিরূপ মন্তব্য করায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের অভিবাসন নীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ট্রাম্পের সমালোচনা করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এসব মন্তব্য করায় ট্রাম্পের সমালোচনা করেছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে।
আগামী শুক্রবার ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প বলেন, ‘ন্যাটো ‘সেকেলে’ সংস্থা, যদিও এখানো আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ২৮ সদস্যের মধ্যে মাত্র ৫টি সদস্যের আর্থিক শেয়ার ভাল। বাকিরা ভূমিকা রাখছে না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার করা হচ্ছে’। এই মন্তব্যের পর গতকাল সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ের জোটভুক্ত দেশগুলোর পক্ষে উদ্বেগের কথা জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের এই মন্তব্য ট্রাম্পের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেবার্গের সঙ্গে পরামর্শের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের মন্তব্য জোটের মধ্যে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে।
