অভিনেতা সালমান খানের টিউবলাইট সিনেমায় শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন, এ খবর বেশ আলোচনায় রয়েছে। এবার আসলো নতুন খবর, আর তা হলো টিউবলাইট সিনেমায় একজন ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয় করছেন বাদশা শাহরুখ।
গতকাল ১৬ জানুয়ারী প্রকাশিত ভারতীয় মিডিয়া ডিএনএ ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা কবির খান। এর আগে তিনি সালমানের বাণিজ্যিক সফল সিনেমা এক থা টাইগার এবং বজরঙ্গি ভাইজান পরিচালনা করেন।
শুটিং শুরুর আগে সম্প্রতি সিনেমাটির লুক টেস্ট দিয়েছেন বলিউড কিং খান। কয়েকদিন বাদেই শুটিংয়ে অংশ নিবেন তিনি। টিউবলাইট সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।
উল্লেখ্য, সালমান ও শাহরুখ প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ সিনেমায়। এরপর দুশমন দুনিয়া কা, কুচ কুচ হোতা হ্যায়, হার দিল জো পেয়ার কারেগা এবং হাম তুমহারে হ্যায় সনম সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।
শাহরুখের ওম শান্তি ওম সিনেমার একটি গানে শেষবার পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন এ দুই অভিনেতা।
ইত্তেফাক/এমএআর
