ভারতে সেলফি তুলতে গিয়ে ট্রেনে চাপা পড়লো দুই কিশোর

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৫
রেললাইনে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে দুই ভারতীয় কিশোর। কিশোরদের একটি দল দিল্লীর পূর্বে রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টাকালে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ বলছে, ছবি তোলার সময় কিশোরদের মধ্যে দুজন তাড়াতাড়ি সরে যেতে ব্যর্থ হলে তারা রেলগাড়ির নীচে চাপা পড়ে। সাম্প্রতিক এই ঘটনাটি শনিবার সংঘটিত হলেও বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমে আসে মঙ্গলবার। সেলফির কারণে ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে গতবছরের একটি গবেষণায় বেরিয়ে এসেছিলো।
 
কার্নেগী মেলোন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায় ২০১৪-১৫ সালে বিশ্বজুড়ে ১২৭ টি সেলফি সংক্রান্ত মৃত্যুর ৭৬টিই হয়েছে ভারতে। একজন পুলিশ কর্মকর্তা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, ‘ছবি তোলার সময় একটি ট্রেন এগিয়ে আসতে দেখে তারা সরে দাঁড়ায়। কিন্তু উল্টোদিক থেকে অপর একটি ট্রেন চলে আসে এবং তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে যায়। তারা দুটি ট্রেনের একটির নিচে চাপা পড়ে।
 
রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন যে, ছবি তোলার জন্য কিশোররা একটি পেশাদারি ক্যামেরাও ভাড়া করে এনেছিল। গতবছর ভারতের উত্তরপ্রদেশের এক খরস্রোতা নদীতে সেলফি তুলতে গিয়ে দু’জন শিক্ষার্থী মারা যায়। এর আগে ১৮ বছর বয়সী এক তরুণী সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে গেলে মুম্বাইয়ের ১৫ টি স্থানকে ‘সেলফি তোলার জন্য বিপজ্জনক’ এলাকা হিসেবে ঘোষণা করে শহরটির পুলিশ। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ