মনসুর আলী মানুষের সঙ্গে বেঈমানি করেন নাই: আমু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৩০
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'জাতীয় চার নেতার অন্যতম নেতা এম মনসুর আলী জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলার মানুষের সাথে কখনও বেঈমানি করেন নাই।'
 
মঙ্গলবার শহীদ এম মনসুর আলীর শততম জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরের গান্ধাইল হাইস্কুল মাঠে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আমির হোসেন আমু বলেন, 'মনসুর আলীর সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুর সখ্যতা, অবিচল আস্থা ও বিশ্বাস ছিল নজির বিহীন। এ জন্যই বঙ্গবন্ধু মনসুর আলীকে দেশের প্রধানমন্ত্রীত্বসহ ১৬ টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। এর আগে তিনি শহীদ এম মনসুর আলীর জন্মস্থান কুড়িপাড়া গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন।'
 
স্মৃতি সংসদের আহ্বায়ক আবু ইউসুফ সুর্য্যের সভাপতিত্বে স্মরণ সভায় এম মনসুর আলীর পুত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
 
স্মরণ সভায় মোহাম্মদ নাসিম বলেন, 'আমার বাবাকে হারালেও আমি ব্যথিত নই। কারণ আমার বাবা মনসুর আলী জীবন দিয়ে প্রমাণ করেছেন- তিনি মোস্তাকের মত বেঈমান নন। আমি কোন বেইমানের সন্তান নই।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস