বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল, সুপ্রিমকোর্টে জানাজা বৃহস্পতিবার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:২৯
সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ইন্তেকাল (ইন্না লিল্লাহি......রাজিউন) করেছেন। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সিঙ্গাপুর থেকে তার লাশ দ্রুত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি বুধবার রাতে তার লাশ দেশে আনা হবে। বৃহস্পতিবার সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। 
  
বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি এক শোকবাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
এছাড়া পৃথক এক শোকবাণীতে শোক প্রকাশ করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
বিচারপতি রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 
 
ইত্তেফাক/এমআই