জয়ললিতার পথেই ভাইঝি জয়াকুমার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০০:৫৮

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার ভাইঝি দীপা জয়াকুমার দেখতে অনেকটা খালার মতোই। গতকাল দীপা বলেন, তিনি তার খালার জন্মবার্ষিকীতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন। আর এর একটাই উদ্দেশ্য খালার রাজনৈতিক প্রজ্ঞা, নীতি ও আদর্শকে তিনি তার পাথেয় হিসেবে মনে করেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

 
আগামী ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার জন্মবার্ষিকী। আর এদিনটিকেই বেছে নেওয়া হয়েছে নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য। দীপা দাবি করেন, রাজনীতির ময়দানে পা রাখতে এটাই হবে তার জন্য শুভ দিন। শুধু তাই নয়, অনেকের মাঝে এ নিয়ে উত্সাহের কমতি নেই। গত কয়েক সপ্তাহে দেখা গেছে বিভিন্ন স্থানে দীপাকে নিয়ে পোস্টার, ফ্যাস্টুন, ব্যানার। তাদের দাবি জয়ললিতার যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি। যেভাবে জয়ললিতা কাঁধ ঘুরিয়ে শাড়ির আঁচল ধরে রাখতেন ঠিক তেমনিভাবে ভাইঝিকে দেখা যেত আঁচল ঠিক করতে। দূর থেকে তাকে অনেকটা সেরকমই দেখায়। এছাড়া বক্তৃতার মঞ্চে যেভাবে ডান হাত তুলে ধরতেন জয়ললিতা, একই অঙ্গভঙ্গি ভাইঝির মাঝেও দেখা গেছে।

ইত্তেফাক/এএন