ক্ষমা চাইলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০১:১১

‘দঙ্গল’ ছবির আলোচনা চলছেই। রেকর্ড গড়া থেকে বিভিন্ন প্রসঙ্গেই উঠে আসছে বলিউডের আলোচিত এই ছবিটি। এবার ‘দঙ্গল’-এ অভিনয় করা জায়রা ওয়াসিমকে নিয়ে শুরু হলো আলোচনা। ছবিটিতে জায়রা অভিনয় করেছেন গীতা কুমারীর ছোটবেলার চরিত্রে। এরপর থেকেই বলিউডে বেশ জনপ্রিয় তিনি। কিন্তু হঠাত্ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি লেখা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 
এই কাশ্মিরি কন্যাকে দেখেই কাশ্মিরের নতুন প্রজন্ম অনুপ্রাণিত। অনেকে চান তার মতোই হতে। কিন্তু সেজন্যই ক্ষমা চাইলেন তিনি। জায়রা সেই পোস্টটিতে অনুরোধ করেন যে, তারা যেন জায়রাকে অনুসরণ না করে। তাকে অনুপ্রেরণা হিসেবেও যেন না দেখা হয়, এমন কথাও লেখেন তিনি।
 
সোশ্যাল মিডিয়াতে ওই খোলা চিঠিতে জায়রা লেখেন, ‘অনেকই আমার ওপর অসন্তুষ্ট। যার কারণ আমার বলিউডে অভিনয়। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার তাদের দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না। আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না।’
 
জায়রা আরো লেখেন, ‘নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে আমাকে দেখানো হচ্ছে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই যে, কেউ আমাকে অনুসরণ করুক বা আমায় কেউ নিজের অনুপ্রেরণা বলে মনে করুক এটা আমি চাই না। আমি যা করছি তার জন্য আমি গর্বিত নই। বিশেষ করে আমি চাই, নতুন প্রজন্ম বুঝুক আসল অনুপ্রেরণারা আছেন সমাজে। আমাকে অনুপ্রেরণা মনে করলে তাদেরকে অসম্মান করা হবে।’

ইত্তেফাক/এএন