শীতের কয়েকটি মাস স্টেজ শো নিয়েই চলে সঙ্গীতশিল্পীদের ব্যস্ততা। সেই সূত্রেই এখন ব্যস্ত আছেন মেহরীন। চলতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া নতুন কয়েকটি কাজের পরিকল্পনা করছেন। তবে কয়েকবছর ধরেই পুরোপুরি নতুন গান নিয়ে অ্যালবাম করছেন না মেহরীন। এক-দুটি করে গান অনলাইনে রিলিজ দিচ্ছেন। বেশ কয়েকটি গান জমে গেলে সেগুলো নিয়ে অ্যালবাম আকারে রিলিজ দেওয়া হচ্ছে। গতবছর অনলাইনে ‘সেভেন’ শিরোনামে একটি অ্যালবাম রিলিজ দেন মেহরীন। তবে এখনো সেটি সিডি আকারে বের হয়নি। আসছে ভালোবাসা দিবসে তিনি অ্যালবামটি সিডি আকারে বের করার পরিকল্পনা করছেন। মেহরীন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আসছে ভালোবাসা দিবসে অ্যালবামটির সিডি প্রকাশ করবো। চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নিতে।’
নতুন কোনো গানের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপাতত স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। নতুন গান নিয়ে সেভাবে পরিকল্পনা নেই। ’
ইত্তেফাক/এএন
