পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বিদ্যুতের সাবস্টেশন তৈরি করাকে ঘিরে গতকাল মঙ্গলবার পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, গুলিতে ২ জন মারা গেছেন। সংঘর্ষের সময়ে গুলিতে আহত হয়েছেন চারজন, যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষদের দাবি। তাদের মধ্যে একজনের নাম আলম মোল্লা। আর একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের গুলিতে কারও মৃত্যুর খবর প্রসাশনিক সূত্রে স্বীকার করা হয়নি।
বিবিসি জানায়, পুলিশ বলছে তারা নয়, গুলি চালিয়েছে বহিরাগত কিছু দুষ্কৃতি- যাতে একজন মারা গেছেন। পুলিশের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ করছেন গ্রামবাসী।
বিবিসি আরো জানায়, গ্রামবাসীরা বেশ কয়েকটি পুলিশ গাড়িতে আগুন লাগিয়েছে আর ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে। মানুষের বিক্ষোভের ফলে ওই বিদ্যুত্ সাবস্টেশনের প্রকল্প বাতিল করার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
