ছেলের নাম কেন তৈমুর, মুখ খুললেন এবার সাইফ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১২:০৮
সাইফ-কারিনার সন্তানের কী নাম রাখা হবে তা নিয়েও হয়েছিলো নানা জল্পনা-কল্পনা। অবশেষে যখন জানা গেলো সেই কাঙ্খিত নাম তখন তা ভালোভাবে মেনে নিতে পারেননি অনেকেই।
 
আর তার কারণ, সাইফ-কারিনার পুত্রসন্তানের নামের সঙ্গে মিলে গেছে এক অত্যাচারি মুসলিম শাসকের নাম, যিনি কিনা নির্বিচারে হত্যা করেছিলেন হিন্দু প্রজাদের।
 
নিন্দা করে ক্ষান্ত হননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ, অপদস্থ করারও চেষ্টা করেছেন অনেকে। এতে মানসিকভাবে বেশ আঘাত পেলেও গণমাধ্যমে মুখ খোলেননি সাইফ-কারিনা। তবে এবারে সমালোচনার জবাব দিলেন সাইফ।
 
ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে সাইফ বলেন, কারিনা এবং আমি দু’জন মিলে পছন্দ করেই আমাদের সন্তানের নাম রেখেছি তৈমুর আলী খান। যে তুর্কি শাসকের সঙ্গে এই নামটির তুলনা করা হচ্ছে সেটি হলো ‘তিমুর’ আর আমাদের ছেলের নাম ‘তৈমুর’। দু’টি নাম পরোপুরি এক নয়।
 
সাইফ আরও বলেন, তৈমুর মানে হলো ‘লোহা’। আমরা আমাদের ছেলেকে লোহার মতই শক্তিশালী আর দৃঢ় হিসেবে বড় করতে করতে চাই। এ কারণেই এই নাম রাখা হয়েছে।
 
এছাড়া আমাদের এক ভাইয়ের নাম ছিলো তৈমুর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ এই নামটি রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
 
ইত্তেফাক/এমএআর