অস্ত্র আইন মামলা থেকে মুক্ত সালমান

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:২১
হিট অ্যান্ড রান ও অস্ত্র আইন মামলা থেকে রেহাই পেলেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। বুধবার বোন অলভিরার সঙ্গেই যোধপুর আদালতে হাজির ছিলেন সল্লু ভাই। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে ওই দুই মামলা থেকেই রেহাই দেয়া হয়েছে তাকে।
 
হিট অ্যান্ড রান কেসে রেহাই মিললেও নতুন বিপদ হিসেবে সালমানের সামনে এসেছিলে কৃষ্ণসার হরিণ শিকারে বেআইনি অস্ত্র ব্যবহারের মামলা। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও ১৮ বছরের পুরনো অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে বেকায়দায় পড়েছিলেন বলিউডের 'প্রেম'।
 
'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শ্যুটিং চলাকালীন যোধপুরে শিকারে বেরিয়েছিলেন সালমান। ১৯৯৮ সালের ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই বলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের দুটি ধারায় সালমানের বিরুদ্ধে দায়ের করা হয় ওই মামলা। ওই মামলায় এপ্রিল, ২০০৬ এবং আগস্ট, ২০০৭ -তে দু'বার জেলে গিয়েছিলেন তিনি।
 
বুধবার আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সন্ধ্যাবেলাই বোন আলভিরা আর আইনজীবীদের দিয়ে চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছান সালমান।
 
ইত্তেফাক/এএম