নেত্রকোনার মোহনগঞ্জে কায়েস চৌধুরী নামে একজনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুর রহমানের আদালত এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামের শামছুল হক চৌধুরীর ছেলে কায়েস চৌধুরীকে ২০০৪ সালের ৬ জানুয়ারি একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে হাবিবুর রহমান খসরু ও তার ভাই কামরুজ্জামান এবং মৃত ছাইদুর রহমানের ছেলে গোলাম ফারুক তানভীর জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই মানিক চৌধুরী বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইফুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন পীযুষ কুমার সাহা, সামছুদ্দিন ইলিয়াস ও রাসেল আহম্মদ খান।
ইত্তেফাক/ইউবি
