বছরের শেষে আসছে ‘স্বপ্নজাল’

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০২:২০
‘মনপুরা’র পর দীর্ঘ বিরতি। এর ভেতরে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন খবর বলতে নতুন বিজ্ঞাপন বা বিশেষ নাটকের খবর এসেছে। তবে দীর্ঘ প্রায় ১ বছর পর নতুন ছবি ‘স্বপ্নজাল’-এর শুটিং প্যাকআপ হলো। বর্তমানে এডিটিং-ডাবিং নিয়েই ব্যস্ত নির্মাতা। গিয়াস উদ্দিন সেলিমের ক্যামেরা ফ্রেমে এবারের নায়িকা পরীমনি। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং গতকাল শেষ হয়েছে। মাঝে বিরতি দিয়ে কখনো চাঁদপুর, কখনো কলকাতায় শুটিং হয়েছে। গত ৭ জানুয়ারি শুরু হয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবির শেষ লটের শুটিং। ওইদিন সকালে লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় গোটা ইউনিট। এরপর লঞ্চেই শুটিং করতে করতে চাঁদপুর যান তারা।
 
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘মাঝে কিছু আর্থিক জটিলতার কারণেই বন্ধ ছিল। তবে এখন শুটিং-এর কাজ শেষ। বাকি কিছু মিউজিক আর ডাবিং। আমি নির্মাতা হিসেবে তো আশাবাদী থাকবোই আমার ‘স্বপ্নজাল’ নিয়ে। তাই আশা করছি আমার দর্শকরাও হতাশ হবেন না। চাঁদপুর ও কলকাতায় শুটিং চলাকালীন সেখানকার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’ গতবছরের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ক্যামেরা অন হয় ‘স্বপ্নজাল’-এর। প্রায় ১ মাস শুটিংয়ের পর অক্টোবরের শেষে গোটা ইউনিট যায় কলকাতায়। টানা ১২ দিন শুটিং হয় সেখানে। কলকাতার বেশ কয়েকটি স্পটে ক্যামেরাবন্দি হয় ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য। সেসময় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও অংশ নেন। তবে ছবিটির মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতার কাছে জানতে চাওয়া হলে সেলিম বলেন, ‘বছরের শেষদিকে রিলিজ দেওয়ার প্ল্যান করছি। এর ভেতরে দেশে গ্রীষ্ম-বর্ষা সবকিছু হয়ে যাক, তারপরই না হয় স্বপ্নজাল শুরু করি।’

ইত্তেফাক/এএন