শামসুল হক-এর ‘চম্পাবতী’ মঞ্চায়ন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৯:৪২
আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৩১তম ব্যাচের সনদপত্র বিতরণ এবং সমাপনী প্রযোজনা মঞ্চায়ন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।
 
সনদপত্র বিতরণ শেষে ৩১তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চায়ন করবে কবি জসীমউদ্দীনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে সৈয়দ শামসুল হকের লেখা নাটক ‘চম্পাবতী’। নাটকটি নির্দেশনা দিয়েছেন রন্তিক বিপু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নোভাইরা রহমান, তৃপ্তি রানী মণ্ডল, মো. সাইফুল ইসলাম মণ্ডল,
 
আলী উম্মুল ফারিয়া, মেহেদী হাসান রাজু, রিফাত খান অনিক, অনন্যা গোস্বামী, আফরোজা ইয়াসমীন প্রমুখ।
 
উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম। ছোটগল্প, কবিতা, উপন্যাস, কাব্যনাট্য, শিশুসাহিত্য, নাটক, প্রবন্ধ সাহিত্যের সব শাখায় সমানভাবে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশের সব্যসাচী লেখক। তিনি সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তী সময়ে লেখালেখিকেই মূল উপজীব্য হিসেবে নিয়েছিলেন। তার গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান।
 
ইত্তেফাক/এমএআর