স্যামসাং প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন খারিজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:১৩
 
স্যামসাংয়ের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা লি জায়ে-ইয়োংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আবেদন খারিজ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। কৌঁসুলিরা এ আবেদন জানিয়েছিলেন। 
 
বিচারক বৃহস্পতিবার সকালে এ বিষয়ে রায় দিয়ে বলেন, লি’র বিরুদ্ধে উত্থাপিত ঘুষ, অবৈধ অর্থ আত্মসাৎ ও মিথ্যাচারের অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই।
 
লি জায়ে-ইয়োং স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি’র ছেলে। বর্তমানে ইয়োং কোম্পানিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে বাবার অসুস্থতার পর থেকে কার্যত তিনিই কোম্পানিটি চালাচ্ছেন।
 
লি’র বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্ককে অভিশংসিত করা হয়। বর্তমানে অভিশংসন বিচার চলছে।
 
এর আগে কেলেঙ্কারির ঘটনায় পার্লামেন্টারি শুনানিতেও অংশ নেন লি। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। খবর: এএফপি।
 
ইত্তেফাক/এএসএস